আটলান্টিক সিটিতে স্থায়ী শহীদ মিনার হলেও এ নিয়ে বিভক্তি

সুব্রত চৌধুরীঃ আটলান্টিক সিটিতে সদ্য উদ্বোধন হওয়া স্থায়ী শহীদ মিনারকে কেন্দ্র করে বাংলাদেশী কমিউনিটির মধ্যে বিভাজন, হতাশা ও ক্ষোভ প্রকাশ পেয়েছে। এই প্রেক্ষাপটে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন অ্যাটলান্টিক সিটি ও সাউথ জার্সির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হেলাল হাসান।

৩০ সেপ্টেম্বর, বুধবার রাতে বেংগল ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আয়োজকরা শুরুতেই স্পষ্ট করে বলেন, তাঁরা কোনো ব্যক্তি বা সংগঠনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে আসেননি। তাঁদের লক্ষ্য ইতিহাসের সত্য তুলে ধরা, শহীদ মিনারের মর্যাদা রক্ষা করা এবং কমিউনিটির ঐক্য ও সম্মিলিত অধিকারের পক্ষে কথা বলা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লেখক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী, হেলাল হাসান, আলী চৌধুরী, মোহাম্মদ দিদার, শেখ আমীন, সাঈদ দোহা, পাপলু চৌধুরী, ফারুক হোসেন, এনামুল হক, সবুর মিয়া, আকবর হোসেইন, মোহাম্মদ শাহীন, সুব্রত চৌধুরী, জাকির হোসেন, মনিরুল আলম বাবু, শেখ আমীন, আওলাদ হোসেইন, ফারুক তালুকদার প্রমুখ।  

বক্তারা বলেন, যে শহীদ মিনার কমিউনিটির ঐক্যের প্রতীক হওয়ার কথা ছিল, সেই মিনারকে ঘিরেই যদি আরও বিভক্তি তৈরি হয়, তাহলে স্মৃতিস্তম্ভ দাঁড়ালেও একুশের চেতনা প্রতিষ্ঠিত হবে না। 

বক্তারা শহীদ  মিনার উদ্বোধনকে কেন্দ্র করে কমিউনিটিতে বিভক্তি তৈরি করার অপপ্রয়াসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তাঁরা আগামী একুশে ফেব্রুয়ারিতে একই শহীদ মিনারের সামনে সবাইকে একত্রে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুধু একটি স্থায়ী শহীদ মিনার নয়, একটি সত্যনিষ্ঠ ইতিহাস এবং একটি ঐক্যবদ্ধ কমিউনিটিও রেখে যাওয়া প্রয়োজন।

Related Posts