গভর্নর ক্যাথি হকুলের ইন্সু্যরেন্স প্রিমিয়াম কমানোর উদ্যোগ
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হকুল কার ইন্সু্যরেন্স ল’তে স্বাক্ষর করেছেন। এই ল’তে বলা হয়েছে, স্টেট ইন্সু্যরেন্স ফ্রড বিষয়ে অভিযান চালাবে, পারসোনাল ইনজুরির জন্য কমপেনসেশন ১০০,০০০ ডলার ধার্য এবং যদি দুর্ঘটনার পর ধরা পড়ে উক্ত ড্রাইভারের অটো ইন্সু্যরেন্স নেই, ঘটনাস্থলেই তার বিরুদ্ধে ফেলানি চার্জ আনা হবে। সর্বোপরি প্রধান প্রধান ইন্সু্যরেন্স কোম্পানিগুলো প্রিমিয়াম কমানোর ব্যবস্থা গ্রহণ করবে।
অলবেনির অনলাইন সংবাদপত্র টাইমস ইউনিয়ন বুধবার লিখেছে, এই আইনের মূল উদ্দেশ্য হচ্ছে যদি ফ্রড কমানো যায় তাহলে ইন্সু্যরেন্স প্রিমিয়াম কমবে।
বুধবার গভর্নর বলেন, স্টেট ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল সার্ভিসেস ইন্সু্যরেন্স কোম্পানিগুলোর জন্য অফিশিয়াল সার্ভিসেস গাইডেন্স নীতিমালা ইস্যু করবে যাতে তারা বুঝতে পারে কিভাবে এই আইন কার্যকর করা হবে। তিনি মনে করিয়ে দেন ইন্সু্যরেন্সে পরিবর্তন আনতে হবে। ইন্সু্যরেন্স কোম্পানিগুলো যেন কেবল লাভের পিছনে না ছোটে।
ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল সার্ভিসেসের সুপারিনটেনডেন্ট কেইটিন এ্যাসরো বলেন, ইন্সু্যরেন্স প্রিমিয়াম কমিয়ে আনার লক্ষ্যে তারা এখন থেকেই বিষয়টি পর্যবেক্ষণে রাখবেন।
উল্লেখ্য নিউইয়র্ক স্টেটের তিনটি বৃহত্তম ইন্সু্যরেন্স কোম্পানি গাইকো, অলস্টেট ও স্টেট ফার্ম ইন্সু্যরেন্স আইন পরিবর্তনের জন্য লবিং করেছিল। কেইটিন এ্যাসরো বলেন, এখন গভর্নর দেখতে চান তারা ইন্সু্যরেন্স পলিসিতে কী পরিবর্তন আনে। স্টেট ফার্ম বলেছে, অটো ইন্সু্যরেন্স ফ্রড কমলে প্রিমিয়ামও কমবে।
দ্য নিউইয়র্ক ইন্সু্যরেন্স এসোসিয়েশনের মুখপাত্র কেইটিলিন ফ্লিন বলেন, ফ্রড কমিয়ে অতিরিক্ত লিটিগেশন নিয়ন্ত্রণে, স্থির এবং স্থায়ী ইন্সু্যরেন্স মার্কেটপ্লেসের পরিবেশ তৈরি করতে পারলে অবশ্যই প্রিমিয়াম কমবে।
উল্লেখ্য গভর্নর স্টেট বাজেটে যে ইন্সু্যরেন্সের কথা উল্লেখ করেছেন সেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, অটো ইন্সু্যরেন্স নেয়ার সময় কোনো কোম্পানি প্রার্থীর চাকরি বিষয়ক, শিক্ষাগত যোগ্যতা বিষয়ক, বাড়ির মালিক কিনা, এমন কি তার বাড়ির জিপকোড জানতে চাইবে না।
