জরিপে আমেরিকান ইহুদিরা জানিয়েছেন || নেতানিয়াহুর চেয়ে মামদানি ভাল
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকান—জুইশ কম্যুনিটির অধিকাংশ মানুষ মনে করেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর চেয়ে ভাল। এসোসিয়েটেড প্রেস ও এনওআরসি সেন্টার ফর পাবলিক এফেয়ার্স রিসার্চ পরিচালিত এক যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে। ডেইলি নিউজ এই জরিপের খবরটি প্রকাশ করে বলছে, ১,০০০ জুইশ—আমেরিকানের মধ্যে এই জরিপ চালানো হয়। এর মধ্যে ৪৪% মামদানির পক্ষে সমর্থন জানিয়েছেন। পক্ষান্তরে ৫৯% নেতানিয়াহুর বিপক্ষে তাদের মতামত জানিয়েছেন। মাত্র ৩২% নেতানিয়াহুর পক্ষে হ্যাঁসূচক জবাব দিয়েছেন।
অথচ মেয়র মামদানি অনর্গল গাজায় ইসরাইলি নীতির সমালেচনা করে যাচ্ছেন। এবং গত মাসে ম্যানহ্যাটানে অনুষ্ঠিত ইসরাইল ডে প্যারেডেও যোগ দেননি। মেয়র খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইসরাইল নিয়ে সমালোচনা অবশ্যই ‘এ্যান্টিসেমিটিজম’ নয়। এই জরিপের ফলাফল নিয়ে মন্তব্য জানার জন্য ডেইলি নিউজ সিটি হলের সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়েছে বলে লিখেছে। পত্রিকাটি বলছে, যারা কম ধার্মিক এবং তরুণ এমন ইহুদিদের মধ্যে ইসরাইল—বিরোধী মনোভাব বাড়ছে। জরিপে ৩০% ইহুদি স্বীকার করেছেন ইসরাইল গাজায় জেনোসাইড কমিট করেছে। তবে এ বিষয়ে ২০% জানিয়েছেন তারা কিছু জানে না। একই সংখ্যক ইহুদি বলেছেন তারা মনে করেন না ইসরাইল জেনোসাইড চালিয়েছে।
জরিপে আরো উঠে এসেছে, খুব কম সংখ্যক আমেরিকান—জ্যুরা প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকান্ডকে সমর্থন করেছেন।
