পরপর ৮ বার কম্যুনিটি বোর্ড মেম্বার হলেন মোহাম্মদ এন.মজুমদার
বাঙালী প্রতিবেদনঃ ব্রংক্সের কম্যুনিটি বোর্ড ৯ এর সদস্য এবং বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ এন. মজুমদার অষ্টমবারের মত পুনর্নির্বাচিত হলেন। ১ জুন ব্রংক্স বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন তাকে এই পুনঃনিয়োগ দেন। উল্লেখ্য তিনি উক্ত কম্যুনিটি বোর্ডের ল্যান্ড ইউজ কমিটিসহ বেশ কয়েকটি কমিটির ডিরেক্টর। তিনি সুবিশাল হাউজিং প্রকল্প পার্কচেস্টার কন্ডো বোর্ডের ডিরেক্টর হিসাবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদ এন. মজুমদার অত্যন্ত নিরলস এবং কর্মতৎপর কম্যুনিটি একটিভিস্ট। বাংলাদেশী কম্যুনিটির যে কোনো দুঃসময়ে তিনি হাত বাড়িয়ে দেন এবং পাশে গিয়ে দাঁড়ান। তিনি প্রধানত বাংলাদেশী আমেরিকান কম্যুনিটি কাউন্সিল বা বিএসিসি গড়ে তুলে এর ব্যানারে ব্রংক্সের কম্যুনিটির জন্য সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও মজুমদার ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের জন্য ব্যাকপ্যাক ও স্কুল সামগ্রী বিতরণসহ খাদ্যশস্য বিতরণ করে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন।
কম্যুনিটি বোর্ড ৯এর একটানা ১৬ বছর সদস্য এবং প্রথমে ভাইস চেয়ার ও পরে চেয়ারম্যান হওয়ায় বাংলাদেশী অধ্যুষিত পার্কচেস্টার এলাকার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করেন তিনি।
তার স্ত্রী রেক্সোনা মজুমদারও তার সহযোগী হিসাবে তার সাথে কম্যুনিটি এক্টিভিস্ট হিসাবে কাজ করেন। তার এক কন্যা এটর্নি, এক পুত্র ব্রংক্স ডিস্ট্রিক্ট এটর্নি অফিসে এ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট এটর্নি হিসাবে কর্মরত।
অষ্টমবারের মত কম্যুনিটি বোর্ড ৯ এর সদস্য পুনর্নির্বাচিত হওয়ায় তাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
