গ্যাস্ট্রিকের আসল কারণ কি ঝালযুক্ত খাবার?

ডা. সজল আশফাক: একসময় প্রায় সবাই মনে করত, ঝাল খাবারই গ্যাস্ট্রিক বা আলসারের অন্যতম একটি কারণ। একটু পেট জ্বললেই দোষ যেত মরিচ-মসলার ওপর। কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলছে, বিষয়টি ঠিক তেমন  নয়। অনেক আগেই বিজ্ঞান এই ধারণার পরিবর্তন করলেও প্রচলিত ভুল ধারণা রয়েই গেছে।

অধিকাংশ ক্ষেত্রে পাকস্থলীর আলসার বা দীর্ঘমেয়াদি গ্যাস্ট্রিকের পেছনে থাকে অন্য কারণ।  ‘হ্যালিকোব্যাকটর পাইলোরিনামের জীবাণু তারমধ্যে অন্যতম। এটিকে সংক্ষেপে এইচ পাইলোরি নামেও ডাকা হয়। এটি পাকস্থলীর ভেতরের আবরণে ক্ষতি করে। অধিকাংশ আলসার দীর্ঘদিনের গ্যাস্ট্রিক সমস্যা এবং পাকস্থলির ক্যান্সারের মূল কারণ এই এইচ পাইলোরি। 

এছাড়া অতিরিক্ত ব্যথার ওষুধ সেবনেও পাকস্থলির প্রদাহ এবং আলসার হতে পারে। ধূমপান বা অনিয়ন্ত্রিত জীবনযাপনও কখনো কখনো আলসার সৃষ্টিতে ভূমিকা রাখে। ঝাল খাবার কিংবা মরিচ সরাসরি আলসার তৈরি করে না। তবে এটাও ঠিক যে, ঝাল খাবার অনেকের ক্ষেত্রে অস্বস্তি, বুকজ্বালা বাড়াতে পারে। কিন্তু এটা রোগের মূল কারণ নয়। কারো যদি আগে থেকেই গ্যাস্ট্রিক আলসার এবং পাকস্থলির প্রদাহ (গ্যাস্ট্রাইটিস) থাকে, তারা যদি ঝাল খাবার খান তাতে আলসারের সমস্যা বাড়তে পারে। আবার কারও কারও পাকস্থলী সংবেদনশীল হলে ঝাল খাবার উপসর্গ বাড়াতে পারে, কিন্তু সব দোষ শুধু মরিচের ওপর চাপানো ঠিক হবে না। বরং সঠিক কারণ খুঁজে চিকিৎসা নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।

Related Posts