ভার্জিনিয়ায় হয়ে গেল বইমেলা ও দুই দিনের বাংলা সাহিত্য উৎসব
কবিতা দিলাওয়ারঃ গত ২৯ ও ৩০ মে উত্তর ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয়েছে বাংলা সাহিত্য উৎসব। ২০২৫ সালে প্রথম আসরের সফলতার ধারাবাহিকতায় এবারের দ্বিতীয় আয়োজনটি আরও বিস্তৃত ও বহুমাত্রিক রূপ লাভ করে।
উৎসবটি কেবল বইমেলা কেন্দ্রিক ছিল না। বরং এতে সংযুক্ত হয় সাহিত্য প্যানেল, লেখক-সংলাপ, কবিতা পাঠ, সংগীত ও নৃত্য পরিবেশনা, চারুকলা প্রদর্শনী, ফ্যাশন উপস্থাপনা এবং গল্প বলার সেশন। আয়োজনটির স্বীকৃতিস্বরূপ ভার্জিনিয়া স্টেট সিনেট বিশেষ সম্মাননা প্রদান করে।
উৎসবের প্রথম দিনটি ছিল মূলত পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়। দ্বিতীয় দিনের সূচনা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনে অংশ নেন। উদ্বোধনী পর্বে পটভূমিতে ‘আমি বাংলায় গান গাই’ সংগীতটি পরিবেশিত হয়, যা উৎসবের সাংস্কৃতিক আবহকে আরও অর্থবহ করে তোলে।
উৎসবে শুভেচ্ছা বক্তব্য দেন কবিতা দিলাওয়ার, লেখক সাদাত হোসাইন, আনোয়ার ইকবাল, ড. আবদুন নূর, প্রকৌশলী আবু বকর হানিপ এবং সিনেটর সাদ্দাম আযলান সেলিম। এছাড়াও গুণীজনদের তালিকায় ছিলেন তারফিয়া ফয়জুল্লাহ, আশরাফ কায়সার, আনিস খান, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী রোকেয়া সুলতানা, সিনেটর সাদ্দাম আযলান সেলিম এবং ইকবাল বাহার চৌধুরী।
আয়োজক কবিতা দিলাওয়ার জানান, এই উৎসবের মূল লক্ষ্য বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরা এবং প্রবাসে একটি সৃজনশীল ও অন্তর্ভুক্তিমূলক সাহিত্য-সংস্কৃতির মঞ্চ তৈরি করা।
উদ্বোধনের পর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সংগীত ও নৃত্য পরিবেশনা এবং সাহিত্যিক আড্ডা। পাশাপাশি বইয়ের স্টলগুলোতে স্বনামধন্য প্রকাশকদের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। লেখক, পাঠক ও প্রকাশকদের মধ্যে সক্রিয় যোগাযোগ ও বই বিনিময় এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
