২৫ বছর পূর্তির প্রাক্কালে জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সম্মিলনী
নিউইয়র্ক (ইউএনএ)ঃ নিউইয়র্কের তরুণদের স্বনামধন্য সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনক ২৫ বছর অতিক্রম করেছে। আগামী নভেম্বর মাসে ২৫ বছরপূর্তির মূল অনুষ্ঠান আয়োজনের ব্যাপক প্রস্তুতি চলছে। এই ২৫ বছর পূর্তি উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয় ফ্যামিলি বারবিকিউ পার্টির। যুক্তরাষ্ট্রে ‘সামার ভেকেশন’ উপভোগ করতে গত ২৯ আগস্ট শনিবার দিনব্যাপী কুইন্সের কানিংহাম পার্কে আয়োজন করা হয় পঞ্চমবারের মতো ফ্যামিলি বারবিকিউ পার্টির। বিপুল উৎসাহ—উদ্দীপনায় বনভোজনের আদলে অনুষ্ঠিত এই পার্টিতে ছিলো নানা আয়োজন। এতে সর্বস্তরের হাজারোধিক প্রবাসী বাংলাদেশী সপরিবারে অংশ নেয়। ফলে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে এবং বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে নিয়মিত খাবার দাবারের পাশাপাশি ছিল বারবাকিউ, ছোটদের জন্য হটডগসহ দেশীয় নানা খাবারের আয়োজন। আরো ছিলো খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় র্যাফল ড্র।
ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহ নেওয়াজ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ডা. নাজমুল এইচ খান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মাহমুদুর রহমান তুহিন ও সাবেক সভাপতি ডা. সিদ্দিকুর রহমান ডিডিএস।
সংগঠনের কর্মকর্তাদের মধ্যে ছিলেন প্রধান উপদেষ্টা ওসমান গনি, উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, ছদনূর নূর, সালেহ আহমেদ, ডা. টমাস দুলু রায়, অধ্যাপিকা হুসনে আরা, এবিএম সালাহউদ্দিন আহমেদ, শাহাব উদ্দিন সাগর, প্রফেসর আব্দুল বাছির ও জুলকার হায়দার, বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম চন্নু, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সেবুল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী ও‘ফ্যামিলি বারবিকিউ পার্টি আয়োজন কমিটির আহ্বায়ক জে মোল্লা সানি, সদস্য সচিব সাইদুল ইসলাম রিয়াদ, প্রধান সমন্বয়কারী আলম সরকার অনুষ্ঠানের বিভিন্ন পর্ব পরিচালনা করেন। বেলা ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলে সন্ধ্যা ৮টা পর্যন্ত।
সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ, শিল্পী শাহ মাহবুব, মারিয়া মৌ, অনিক রাজ প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন।
সবশেষে ছিলো র্যাফেল ড্র আর পুরস্কার বিতরণ। এই পর্ব পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর।
পুরস্কার বিতরণের আগে সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার সবার সম্মিলিত উদ্যোগ আর সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হওয়ার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নভেম্বরে অনুষ্ঠিতব্য ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ব্যাপকভাবে আয়োজক করা হবে জানিয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি ঘোষণা করেন যে, আগামী ডিসেম্বরে ফ্রেন্ডস সোসাইটির নতুন কার্যকরী কমিটি গঠিত হবে।
অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতায় আরো ছিলেন রিজু মোহম্মদ, ইকবাল আহমেদ, নওশাদ হায়দার সহ ফ্রেন্ডস সোসাইটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
